জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, শ্রমিক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জোনাইল বাজারের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত নূরনবী ফকির জোনাইল পক্ষীমারী এলাকার মতি ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরনবী তার ওয়ার্কশপে একটি পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম যন্ত্র দিয়ে কাটছিলেন। এসময়ে ড্রামের ভেতরে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ নিয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, কেমিক্যালের ড্রামের ভেতরে গ্যাস জমে রয়েছিল হয়তো। ড্রামের মুখ কাটার সময়ে বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে ।