কুমিল্লার নাঙ্গলকোটে নাজমুল হাসান ফারাবী নামের সাত মাস বয়সী এক শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বোনোর জামাইর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ফারাবী জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাছির আহম্মদের ছেলে। নাছির ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার শিশু সন্তান ফারাবীকে নিয়ে নিশ্চিন্তপুর গ্রামে বোনের জামাই লোকমান হোসেনের বাড়িতে বেড়াতে যান ফাতেমা বেগম। সোমবার ভোররাতে কোনো একসময় ফাতেমা তার শিশু সন্তানকে বালিশ চাপা দেন। পরে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাকে আটক করে।
নিহত শিশুর দাদা বাচ্চু মিয়া বলেন, চার দিন আগে নাতিকে নিয়ে আমার ছেলের বউ তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যায়। সকালে খবর পাই নাতি মারা গেছে। সেখানে গিয়ে জানতে পারি, ফাতেমা তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমরা বুঝতে পারছি না।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মা স্বীকার করেছেন, শিশুটি খুব বেশি কান্নাকাটি করায় রাগের মাথায় তিনি তাকে বালিশ চাপা দেন। এতে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।