অনিয়মের অভিযোগ: ৬ প্রতিষ্ঠানকে সিডিএর এক মাসের আল্টিমেটাম

আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান বসানো এবং কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম নগরীর ছয়টি প্রতিষ্ঠানকে অনিয়ম শুধরে নিতে এক মাসের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নির্ধারিত সময়ের মধ্যে পার্কিং সুবিধার ঘাটতি নিরসন ও প্রয়োজনীয় উন্নয়ন না হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
 
সোমবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর যানজট নিরসন ও ভবনের অনুমোদিত ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসব প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালানো হয়। 
 
প্রতিষ্ঠানগুলো হলো- একুশে হাসপাতাল, বাস্কেট সুপার মার্কেট, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, পাঁচলাইশ আবাসিক এলাকার সার্জিস্কোপ হাসপাতাল, মেডিকেয়ার হাসপাতাল এবং পিস পার্ক হাসপাতাল।
 
সিডিএ কর্মকর্তারা জানান, পরিদর্শনকালে একুশে হাসপাতালে দেখা যায়, পুরো আবাসিক ভবন জুড়েই চলছে হাসপাতাল কার্যক্রম। আগে থেকে তাগিদ দেওয়া সত্ত্বেও পরিদর্শনের সময় সিডিএর অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ; মেলেনি নিজস্ব পার্কিং ব্যবস্থাও। অন্যদিকে বাস্কেট সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গায় বাস্কেটের আউটলেট বসিয়ে বাণিজ্যিক কাজ চালানোর প্রমাণ মেলে।
 
এ ছাড়া প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল একটি আবাসিক ভবন ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম চালালেও অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পাশাপাশি পাঁচলাইশের সার্জিস্কোপ, পিস পার্ক ও মেডিকেয়ার হাসপাতালের কোনোটিতেই গাড়ি পার্কিংয়ের ন্যূনতম সুব্যবস্থা মেলেনি।
 
পরিদর্শন শেষে অনিয়ম ধরা পড়া ছয়টি প্রতিষ্ঠানকে আজকের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে সিডিএ কার্যালয়ে যোগাযোগের নির্দেশ দেওয়ার পাশাপাশি পার্কিং ব্যবস্থার উন্নয়নে এক মাসের এই আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়।
 
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরীকে যানজটমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ এলাকার হাসপাতাল, স্কুল ও মার্কেটের পার্কিং ব্যবস্থা যাচাইয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সেবার নামে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। আল্টিমেটামের মধ্যে পার্কিং নিশ্চিত করতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।