বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং প্রধান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এই স্কিমের মূল লক্ষ্য কৃষির উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সাপ্লাই চেইন উন্নয়ন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল অ্যাগ্রিকালচার ভ্যালু চেইন গড়ে তোলা।

বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদিন ও সাখাওয়াত হোসেন, ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আমান উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।