আমানত ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবের জমা মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন। তবে এ অর্থের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। আজ মঙ্গলবার থেকে এ জন্য গ্রাহকদের আবেদন নেওয়া শুরু করবে ব্যাংকটির শাখাগুলো।

গতকাল সোমবার ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে ব্যাংকের সব বিভাগীয় ও জোনাল প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে। তবে শাখা ও উপশাখাগুলোতে নগদ অর্থের চাহিদাপত্র পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতির জন্য কয়েক দিন সময় প্রয়োজন। এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পুরোপুরি শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব, এমটিডিআর ও ডিপিএস থেকে গ্রাহকরা তাদের জমা মূল টাকা তুলে নিতে পারবেন। তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা।

এদিকে গ্রাহকদের হারানো আস্থা ফিরিয়ে আনতে আগামী ১ সেপ্টেম্বরকে ‘আস্থা পুনর্গঠনের দিন’ হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা ও উপশাখাগুলো সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা দেওয়ার কথাও বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে। গ্রাহকসেবা ও সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সেবার কার্যক্রম ভিডিও ধারণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংক পাঁচটিতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।