প্যারা অ্যাথলেটদের অনুশীলনে নজর এনএসসির কর্তাদের

এশিয়ান প্যারা গেমস সামনে রেখে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির তত্ত্বাবধানে চলমান প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী ও পরিচালক (প্রশাসন) টিটন খীসা। গতকাল সোমবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্যারা অ্যাথলেটদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় খেলোয়াড়দের প্রশিক্ষণের অগ্রগতি, প্রস্তুতির ধরন ও ক্যাম্পের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এশিয়ান প্যারা গেমসে দেশের জন্য সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্যে অ্যাথলেটদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।

জাহেদ পারভেজ চৌধুরী এ সময় বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দৃঢ় মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ প্রতিকূলতা জয় করে নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অ্যাথলেটদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন জাহেদ পারভেজ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সরকারের ধারাবাহিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্যারা অ্যাথলেটদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) টিটন খীসা অ্যাথলেটদের প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাসও দেন।

এ সময় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহসভাপতি মো. সানোয়ার হোসেন, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, উপমহাসচিব মো. হেদায়তুল আজিজ এবং নির্বাহী সদস্য মো. আনোয়ার কবির চৌধুরীসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।