আয়ু বাড়ছে অ্যাডহক কমিটির!

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন শেষ করতে না পারায় দেশের বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৭ আগস্ট এক চিঠিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আর এতেই আয়ু বাড়ছে নতুন ঘোষিত ২৭ ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটিগুলোর অধিকাংশের।

গত ১৮ জুলাই ২৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রত্যেকটির প্রজ্ঞাপনেই তিনমাসের মধ্যে নির্বাচন আয়োজনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ওই কমিটিগুলো প্রায় দেড় মাস (প্রায় ৪৩ দিন) পার করেছে। হাতে বাকি আর দেড় মাস। কিন্তু এর মধ্যেই গত ২৭ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (ইডি) মো. দৌলতজ্জুামান খাঁনের সই করা প্রজ্ঞাপনে (স্মারক নং-৩৪.০৩.০০০. ০০০.০০৪.০১.০০০৩.২২.১০২৩) জেলা ক্রীড়া সংস্থাকে আগামী তিন মাসের জন্য নির্বাচন আয়োজনের মেয়াদ বাড়ানো হয়। এনএসসির চিঠিতে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য অ্যাডহক কমিটিগুলো গঠন করা হয়েছিল। এসব কমিটির প্রধান দায়িত্ব ছিল নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। এরই মধ্যে কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগও নিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, তবে সারা দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদনে বিলম্ব এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন শেষ করতে আরও সময় প্রয়োজন হওয়ায় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনএসসি চেয়ারম্যানের সম্মতিতে বর্তমান অ্যাডহক কমিটিগুলোর মেয়াদ আদেশ জারির তারিখ থেকে আরও তিন মাস বাড়ানো হয়েছে।

এনএসসি চিঠিতে স্পষ্টভাবে জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্বাচন শেষে পুরো প্রক্রিয়া ও ফলাফলের বিস্তারিত প্রতিবেদনও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে জমা দিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের ক্রীড়াঙ্গনে অ্যাডহক কমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা রয়েছে। বিভিন্ন ক্রীড়া সংস্থায় অন্তর্বর্তী কমিটি দীর্ঘ সময় দায়িত্বে থাকার অভিযোগও এসেছে। মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, অনেক ক্ষেত্রে তিন মাসের জন্য গঠিত অ্যাডহক কমিটি বছরের পর বছর দায়িত্বে থেকেছে।

এরপরও আবার বাড়ানো হলো নির্বাচনের সময়। ফলে বিভাগ, জেলা ও উপজেলায় নির্বাচন না হলে কাউন্সিলরও নির্ধারণ করতে পারবে না জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলো। ফলে দেড় মাস শেষ হলেও ফেডারেশনের অ্যাডহক কমিটির আয়ু বাড়ছে আরও তিন মাস। তবে অনেকেই দাবি করছেন, ওই তিনমাস পর কাউন্সিলর নির্ধারণ হতে সময় লাগবে আরও এক থেকে দেড় মাস। এরপর জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজন করতে গেলে তা আরও সময়ের প্রয়োজন। ফলে এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের আগে নির্বাচন নাও হতে পারে ফেডারেশনগুলোতে। এছাড়া বাকি রয়েছে আরও কিছু ফেডারেশন।

অবশ্য এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। তার কথা, ‘বিভাগ, জেলা ও উপজেলায় ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। অনেক জেলা দ্রুতগতিতে সেই কার্যক্রম চালাছে। তাছাড়া অনেক জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর জেলার কাউন্সিলর কম, ক্লাবের বেশি। তারা নির্বাচনী কার্যক্রম সারবে আগে। আমরা কোনো প্রকার সময়ক্ষেপণের বিপক্ষে। সময়মতোই নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ উপজেলা, জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলো।’