মোস্তাফিজ ফিরছেন থাকবেন না নাহিদ

আসন্ন এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ দলের পেস আক্রমণে ভিন্ন চিত্র। একজনের ফেরার অপেক্ষা ফুরালেও আরেকজনের দীর্ঘ হচ্ছে। মোস্তাফিজুর রহমানকে নিয়ে আশার খবর দিয়েছেন নির্বাচকরা। বাঁহাতি এ পেসার চোট কাটিয়ে শতভাগ ফিট হয়ে উঠেছেন। তবে নাহিদ রানাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গতকাল পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুরে ছোট রান-আপে বোলিং শুরু করলেও এশিয়ান গেমসের দলে থাকছেন না এই ডানহাতি গতি তারকা। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের আফগানিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি এ তরুণ। দীর্ঘ পুনর্বাসন শেষে গতকাল প্রথমবারের মতো বোলিংয়ে ফিরেছেন তিনি। মিরপুর একাডেমি মাঠে পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও ফিজিও বায়েজিদুল ইসলামের সামনে ছোট রান-আপে বল করেন। দেড় মাস পর বোলিংয়ে ফিরলেও এখনই পুরো রান-আপে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। ধাপে ধাপে বোলিংয়ের চাপ বাড়বে। চিকিৎসকদের হিসাবে, নাহিদের পুরোপুরি সুস্থ হতে প্রায় আট সপ্তাহ সময়ের প্রয়োজন। তাই এশিয়ান গেমসের আগে তাকে ম্যাচে ফেরানোর কোনো তাড়াহুড়ো নেই টিম ম্যানেজমেন্টের।

নাহিদের বর্তমান অবস্থা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরা আশাবাদী (আফগানিস্তানের বিপক্ষে খেলা)। অবশ্যই আশাবাদী। ওটা মাথায় রেখে সেভাবে পরিকল্পনা করা হচ্ছে। তবে তাড়াহুড়ো করব না।’ অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। ওই সিরিজ দিয়েই নাহিদের প্রত্যাবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে টেস্ট নাকি ওয়ানডে কোন সংস্করণে তাকে খেলাবে বোর্ড, সেটি এখনো ঠিক হয়নি। নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী, সিরিজের যেকোনো একটি সংস্করণে খেলতে পারেন তিনি।

জানা গেছে, অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে নাহিদের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার, জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা। সেখানেই এশিয়ান গেমসে তাকে না রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী মাসের শেষ দিকে জাপানের নাগোয়ায় অনুষ্ঠেয় ক্রিকেট ইভেন্টে নাহিদের খেলা হচ্ছে না। তবে স্বস্তি মিলেছে মোস্তাফিজকে নিয়ে। নাহিদের মতো তিনিও জিম্বাবুয়ে সফরে চোটে পড়েন। এ কারণে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ দ্য হ্যান্ড্রেডে খেলতে পারেননি মোস্তাফিজ। চোট কাটিয়ে ওঠায় এশিয়ান গেমসে তার থাকার কথা আছে।

এ টুর্নামেন্টের জন্য এরই মধ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে বাংলাদেশ। সেই তালিকা ছোট করে চলতি সপ্তাহেই ১৫ সদস্যের চূড়ান্ত দল দেবেন লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে নির্বাচক প্যানেলের সদস্য নাঈম ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ৩০ জনের একটি দল দিতে হয়। আমরা সে দলটা অনেক আগেই দিয়েছি। সেটি ছোট করে ১৫ জনের দিতে হবে।’ তবে অস্ট্রেলিয়ার ডারউইনে ৭ ইনিংসে ২৩ উইকেট নেওয়া রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের থাকার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দেন নাঈম, ‘আমাদের ৩০ জনের যে দল দেওয়া আছে, সেখানে মূল ক্রিকেটারদের প্রায় সবাই আছে। তবে রুবেলকে আমরা আসলে রাখব কি না, সেটি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। না থাকার সম্ভাবনাই বেশি।’

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যও বড়। শুধু অংশগ্রহণ নয়, সোনার পদক জয়ের পরিকল্পনা সাজাচ্ছে। এ জন্য তিন সংস্করণে খেলা তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের বিশ্রামে রাখার ভাবনা থাকলেও সম্ভাব্য সেরা দলটাই দেবেন নির্বাচকরা। এ নিয়ে নাঈম বলেন, ‘অবশ্যই আমরা স্বর্ণপদকের জন্যই চেষ্টা করব। সে লক্ষ্যেই দল বানাব।’ কিন্তু চিন্তা বাড়াচ্ছে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের আবসান সংকটের খবর। এ নিয়ে টিম ম্যানেজমেন্টের এক সদস্য নাম প্রকাশ করতে না চেয়ে বলেন, ‘নির্বাচকরা এ জন্যই দল দিতে পারছেন না। এভাবে হলে তো মূল দল পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। এ জন্য আমরাও অপেক্ষা করছি। অন্য দেশগুলো কী করে সেটি দেখে আমরাও একটি সিদ্ধান্ত নেব।’

এ টুর্নামেন্টের জন্য মূল দল ঘোষণার আগেই মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, এখনো আনুষ্ঠানিকভাবে ভারত সিরিজের সূচি পরিবর্তন না হওয়ায় নিজেদের পরিকল্পনা সাজাতে পারছেন না তারা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, অস্ট্রেলিয়া সফর থেকে আসা ক্রিকেটাররা আরও ১০ দিন ছুটিতে থাকবেন। আগামী ১০ অথবা ১১ তারিখ জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যদের নিয়েই ক্যাম্প শুরু হবে তাদের।