রাজধানীর সড়কে দিনদুপুরে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ধানম-ি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

গত রবিবার দুপুরে ধানমন্ডি ১২ নম্বর রোডের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তার ওপর ৮-১০ জনের একটি ডাকাত দল খোরশেদ আলম নামের ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো তানভীর আবেদীন (জুই), মজিবুর রহমান ও জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির।

গতকাল সোমবার ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের সদস্য তানভীর ও মজিবুরকে গ্রেপ্তার করা হয়। তানভীরের দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দক্ষিণখান থেকে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ধানম-ি মডেল থানায় ডাকাতির এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।