বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কুমার নদীতে প্রায় এক লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গোয়ালচামট বিসর্জন ঘাট সংলগ্ন কুমার নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও সুষম খাদ্য নিশ্চিত করতে মাছের উৎপাদন বাড়ানো প্রয়োজন। দেশ ও মানুষের কল্যাণে বিএনপি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সাবেক কোতোয়ালী বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজাউন বিশ্বাস তরুণ, মৎস্যজীবী দলের নেতা মো. চুন্নু প্রমুখ।