বিয়ের পর থেকেই চলছিল নানা জল্পনা। সংসার শুরুর তিন মাসের মাথাতেই গোপনে আলাদা থাকা শুরু করেন স্বামী-স্ত্রী। এর মধ্যে গুঞ্জন জোরালো হতে থাকে। সর্বশেষ সোমবার দিবাগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিচ্ছেদের ঘোষণা দিলেন র্যাপার বাদশা। এই সংগীতশিল্পী জানান,পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে মাত্র পাঁচ মাসের মাথায় সমাপ্তি ঘটল বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির দাম্পত্য জীবনের। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে তারা নিজেদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই এই পথ বেছে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি অনুরাগীদের কাছে অনুরোধ করেন, যেন এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে বাড়তি গুঞ্জন না ছড়ানোর অনুরোধ করেন বাদশা। তাদের টানাপোড়েনের খবর প্রথম প্রকাশ্যে আসে জুলাই মাসে। ইশা একটি পোস্টের মাধ্যমে লিখেছিলেন, ‘প্রতিটি ঝড় একটা শিক্ষা দিয়ে যায়, প্রতিটি প্রার্থনাই আসলে আশা।’ ভাঙা হৃদয়ের প্রতীকসহ এই পোস্ট এবং পরবর্তীতে ইশার মা পুনম রিখির 'কর্মফল' বিষয়ক মন্তব্য নেটিজেনদের মনে বিচ্ছেদের সন্দেহ জোরদার করেছিল।
চলতি বছরের মার্চে এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে বাদশা ও ইশা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং জুনে ইশা তা প্রকাশ্যে স্বীকার করেন। তবে সেই সম্পর্কের আয়ু হলো মাত্র পাঁচ মাস। এটি বাদশার দ্বিতীয় বিচ্ছেদ, এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিন মাসিহের সঙ্গে তার আইনি বিচ্ছেদ ঘটেছিল, যে সংসারে 'জেসেমি গ্রেস' নামের একটি কন্যা সন্তান রয়েছে।