গাজীপুরে ঘর থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে তার ভাই অন্য কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পূবাইল থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা বলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ চলমান রয়েছে।