চুক্তিভঙ্গের মামলায় হেরে বিপুল জরিমানার মুখে দানি আলভেজ

ফুটবল মাঠের বর্ণিল ক্যারিয়ার ও ট্রফি জয়ের রেকর্ড একপাশে সরিয়ে রেখে দীর্ঘদিন ধরেই আইনি জটিলতা আর বিতর্কের বেড়াজালে বন্দি ছিলেন সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। যৌন কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর থেকেই তার পেশাদার ক্যারিয়ারে নেমে আসে বিপর্যয়।

বার্সেলোনার সাবেক এই তারকা খেলোয়াড়ের চুক্তিভঙ্গের জেরে মেক্সিকান ক্লাব পুমাস আনামের দায়ের করা মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে বড় ধাক্কা খেলেন আলভেজ। সুইস সুপ্রিম কোর্টের রায়ে মেক্সিকান ক্লাবটিকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ৭০ লাখ পাউন্ড বা প্রায় ২৮৩ কোটি ৯০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে সাবেক এই ফুটবলারকে।

২০২৩ সালের জানুয়ারি মাসে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হওয়ার পরপরই আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করেছিল মেক্সিকান লিগের দল পুমাস। ওই চুক্তিভঙ্গের দায়ে ক্লাবটি তার কাছে ক্ষতিপূরণ দাবি করে আইনি লড়াইয়ে নামে। শুরুতে ফিফার ফুটবল ট্রাইব্যুনাল ক্লাবটির দাবি খারিজ করে দিলেও হাল ছাড়েনি মেক্সিকান ক্লাবটি। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ জয় পাওয়ার পর এবার মামলা গড়ায় সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে। ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, সুইস ফেডারেল সুপ্রিম কোর্ট আলভেজের আপিল পুরোপুরি খারিজ করে দিয়ে পুমেসের পক্ষে করা পূর্বের রায়ই বহাল রেখেছে।

শুধু ওই বিশাল অঙ্কের ক্ষতিপূরণই নয়, ৪৩ বছর বয়সী এই সাবেক রাইট-ব্যাককে আইনি প্রক্রিয়াজনিত ও আদালতের খরচ বাবদ অতিরিক্ত হাজার হাজার সুইস ফ্রাঁ পরিশোধ করতে হচ্ছে। এর আগে স্প্যানিশ আদালতে সাজা উল্টে যাওয়ার পর দীর্ঘ ১৪ মাস কারাভোগের পর মুক্তি পান আলভেজ।

 খেলোয়াড়ি জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ইউরোপিয়ান ফুটবলের আঙিনায় নতুন পথচলা শুরু করেছেন। পর্তুগালের তৃতীয় স্তরের ক্লাব স্পোর্টিং ক্লাবে সাও জোয়াও দে ভের-এর মালিকানা অধিগ্রহণ করে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন এই সাবেক ব্রাজিলিয়ান। তবে ফুটবল প্রশাসন ও নতুন ব্যবসায় মন দেওয়ার আগে মেক্সিকান ক্লাব পুমেসের সঙ্গে থাকা এই আইনি ও আর্থিক দায়বদ্ধতা পুরোপুরি মেটানোই এখন তার প্রধান চ্যালেঞ্জ।