নিউ ইয়র্কের আটককেন্দ্র থেকে ৮ মাস পর মাদুরোর প্রথম ছবি প্রকাশ

মার্কিন হেফাজতে থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রথমবারের মতো দুটি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্রে দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের তেল চুক্তি ঘোষণার দুই দিন পর ছবিগুলো প্রকাশ করা হয়েছে। খবর আল জাজিরার। 

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ধরে নিয়ে যায়। পরে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের একটি আটককেন্দ্রে তাদের রাখা হয়েছে। মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রবিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে স্প্যানিশ ভাষায় দেওয়া এক পোস্টে মাদুরো লেখেন, 'আমার সব নাতি-নাতনি, ছেলেমেয়ে এবং যারা আমাদের ভালোবাসেন, সেই সব ভালো মানুষের জন্য ছোট্ট উপহার হিসেবে এই ছবিগুলো পাঠাচ্ছি।'

তিনি আরও লেখেন, 'আপনাদের ভালোবাসায় আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমরা দৃঢ় আছি—এটা আপনারা জেনে রাখুন।'

'আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বরই ব্যবস্থা করবেন। ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে,' যোগ করেন তিনি।

মাদুরোর প্রকাশিত দুটি ছবিই মার্কিন হেফাজত থেকে তার প্রথম ছবি। এতে ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা মাদুরোকে দুই হাতে 'ভি' চিহ্ন দেখাতে দেখা যায়। আটকের পর থেকে তার ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও ছবিতে মনে হচ্ছে।

ছবিগুলো রবিবার প্রকাশ করা হলেও উভয় ছবির টাইমস্ট্যাম্প অনুযায়ী সেগুলো তোলা হয়েছিল ২৫ জুন। এর এক দিন আগে উত্তর ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৬ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছবিগুলো সত্যিই ওই আটককেন্দ্রে তোলা হয়েছে কি না এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেগুলো প্রকাশ করা হয়েছে কি না, তা জানতে তারা আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।