সারের দাম বৃদ্ধির খবর গুজব, চার-পাঁচ মাসের মজুত পর্যাপ্ত: কৃষিমন্ত্রী

কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, দেশে বর্তমানে ৪ থেকে ৫ মাসের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সারের দাম বাড়ার অভিযোগকে অসত্য আখ্যা দিয়ে তিনি বলেন, একটি অসাধু সিন্ডিকেটের কারসাজিতে এই কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চলছে। এই অপতৎপরতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে কৃষিমন্ত্রী জানান, আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মসলা চাষে স্বনির্ভরতা অর্জন করবে। দেশে প্রতিবছর প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয় উল্লেখ করে তিনি বলেন, সরকার আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ ও টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি নির্ভরতা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি এবং ভবিষ্যতে পেঁয়াজ আমদানির প্রয়োজন তো হবেই না, বরং বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে কৃষিপণ্যই দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে রূপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্ষাকালে সবজির বাজারদর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকদের উৎপাদন ও বাজারজাতকরণে বাড়তি ব্যয় হয়, যার প্রভাবে বাজারে দাম কিছুটা বাড়ে। তবে বর্ষাকালে উৎপাদন সচল ও বৃদ্ধি করতে কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার চেষ্টা চলছে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে হবে। দিনশেষে আমাদের জনগণের কাছেই ফিরে যেতে হবে। তাই আমরা মুখে যা বলব, অন্তরে তা ধারণ করব এবং চিন্তায় তার বাস্তবায়ন নিশ্চিত করব।’

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব।