শহীদ জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শ ও দর্শনকে ধারণ করেই পথ চলছে। 

তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের কল্যাণের রাজনীতিই বিএনপির মূল শক্তি। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের জন্য আমরা কাজ করে যেতে ওয়াদাবদ্ধ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে আরও গভীরভাবে ধারণ করে বিএনপিকে ভবিষ্যতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়া হবে। তাঁর দেখানো পথে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে যাবে। জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

এ সময় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তর্বক অর্পণ শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন।