তোপে পড়ে পপির ক্ষোভ

‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই।’ এই বক্তব্যটি কেবল সোশ্যাল মিডিয়াতে ভাইরালই হয়নি, বিষয়টি নিয়ে সহকর্মীদের তোপের মুখেও পড়তে হচ্ছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে। বিষয়টি নিয়ে সোমবার (৩১ আগস্ট) দিনভর অনেক তারকা পপির কথার সমালোচনা করেছেন। অনেকে খোঁচা দিয়েও কথা বলেছেন। তবে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পপির মুখে শোনা গেল ক্ষোভের কথা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পপি জানান, তিনি কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং তার কাছে চলচ্চিত্র জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র একটি জায়গা। ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার।’ 

অনেকটা ক্ষোভের স্বরে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’ পপির দাবি, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা কিছু কথাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।’ 

পাল্টা প্রশ্ন ছুঁড়ে পপি বলেন, ‘ফিল্ম থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে? আমি যতদিন বেঁচে থাকব, চলচ্চিত্রের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে।  একজন শিল্পী এমনিতেই তৈরি হয় না। অনেক ত্যাগের মাধ্যমে একজন শিল্পী তৈরি হয়। শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত। ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না ঠিক আছে ,তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে তা এভাবে বলিনি। আমার কথা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, ফিল্ম আমার কাছে সবচেয়ে সম্মানের জায়গা, দ্বিতীয় পরিবার।’