সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে কোহিনুর বেগম (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ সাতক্ষীরা শহরতলীর খেলারডাঙগী এলাকার মনসুর আলীর মেয়ে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যান চালক শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার এক পর্যায়ে মুকুলের রড-সিমেন্টের দোকানের পিছনে বিলের মধ্যে এক নারীর মরদেহ দেখতে পেয়ে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরখা পরিহিত নারীর মরদেহ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এন্ড্রয়েড ফোন উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান আরও জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জানা যায় লাশটি কহিনুর বেগমের। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।