চলন্ত ট্রেনে দলবদ্ধ ধর্ষণ, ৯৯৯-এ কলে উদ্ধার, কেন্টিন বয় গ্রেপ্তার

চলন্ত ট্রেনে এক নারীকে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, সোমবার রাতে ৯৯৯ নম্বরে কান্নাজড়িত কণ্ঠে এক নারী কল করে জানান, চলন্ত ট্রেনে তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। ৯৯৯-এর সদস্যরা ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ পাবনার শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করে এবং দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কনস্টেবল মো. কাইফ শাহ। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য।

পুলিশের তথ্যমতে, ভুক্তভোগী নারী ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়া ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান। এরপর ট্রেনের ক্যান্টিন বয় ও আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযান চালিয়ে ৪৪ বছর বয়সী ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। একই সঙ্গে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করা হয়। সে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।