উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের উত্তরবঙ্গের (রাজশাহী ও রংপুর বিভাগ) কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে এবি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেড এম বাবর খান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় এবি ব্যাংক উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কৃষক, কৃষি উদ্যোক্তাসহ সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে। একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।