ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ৭ম বারের মতো ‘নারী কর্মী সম্মেলন’ আয়োজন

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাঠপর্যায়ের নারী বিপণন কর্মীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সাল থেকে প্রতিবছর একটি বর্ণাঢ্য সম্মেলনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ৭ম বারের মতো ‘নারী কর্মী সম্মেলন-২০২৬’ মঙ্গলবার (২৫ আগস্ট) মডার্ন গ্রিন সিটি পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে)। মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস-এর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি ও সিএফও মিলটন বেপারী, এএমডি ও অ্যাকচুয়ারি মিসেস আফরিন হক এবং ইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. ফরহাদ জলিল। এ ছাড়া সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একজন নারী হিসেবে আমি গর্বিত যে, ডেল্টা লাইফে আমরা সব সময় নারীবান্ধব পরিবেশ রাখতে সক্ষম হয়েছি। যেকোনো মূল্যে সে ধারা অব্যাহত থাকবে। এ বছর যে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে আপনারা এখানে সমবেত হয়েছেন, আগামী বছরে তার দ্বিগুণ ব্যবসা করে আরও অধিকসংখ্যক কর্মী নিয়ে আনন্দঘন পরিবেশে নারী কর্মী সম্মেলন উদ্‌যাপন করবেন।”

অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “ডেল্টা লাইফের অগ্রযাত্রায় আমাদের নারী সহকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্রবীমা কার্যক্রমের মাঠপর্যায়ে তাঁদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাঁদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টা শুধু প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যই নিশ্চিত করছে না, বরং অসংখ্য মানুষের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার পথও সুগম করছে।”

সম্মেলনে সারা বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা অর্জনকারী প্রায় ৪০০ জন সফল নারী কর্মী অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে মাঠপর্যায়ে কাজে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২১ জন নারী কর্মীকে পদক ও সনদ এবং ৫ জন নারী কর্মীকে দীর্ঘ কর্মকালীন সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।

নারী কর্মীদের সফলতার গল্প ও নানাবিধ ইভেন্ট ছাড়াও এবারই প্রথমবারের মতো কর্মীদের তৈরি পণ্যের পাশাপাশি নিজ নিজ এলাকার প্রসিদ্ধ খাবার ও পণ্যসামগ্রী ‘হাটবাজার’ স্টলে প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যা সম্মেলনে ভিন্নমাত্রা যোগ করেছে।

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ২০২৬ সালের নারী কর্মী সম্মেলনের সমাপ্তি হয়।