রাজধানীর বাসাবো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ৩০/২০, কুসুমবাগ, দক্ষিণবাগ, বাসাবো, সবুজবাগ এলাকায় অবস্থিত ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করতে দেখা যায়। প্রতিষ্ঠানের নাম ভেনিস হলেও ড্যানিশ ও 7Up নামে লেবেলযুক্ত আইসক্রিম উৎপাদন এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণ, আইসক্রিম রাখার স্টোরেজে মাছ-মাংস সংরক্ষণ এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শনে ব্যর্থতার বিষয়টি ধরা পড়ে।
এসব অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিল।