প্লাস্টিক জমা দিলেই মিলছে চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের ফ্রি টিকিট

একশ গ্রাম খালি প্লাস্টিক বর্জ্য; চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের প্রবেশের টিকিট এখন এটিই! পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ কমানোর এই ব্যতিক্রমী উদ্যোগ সাড়া ফেলতে শুরু করেছে চট্টগ্রামে। প্রথম দিনেই ১০০ গ্রাম করে প্লাস্টিক জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানা ভ্রমণের সুযোগ নিয়েছে সাতজন শিক্ষার্থী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানার মূল ফটকে স্থাপিত নির্দিষ্ট কেন্দ্রে সংগ্রহীত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে ভেতরে প্রবেশের সুযোগ পায় শিক্ষার্থীরা। এর আগে, সোমবার জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ দেশ রূপান্তরকে বলেন, প্রথম দিন বিধায় উপস্থিতির সংখ্যা কিছুটা কম হলেও দ্রুতই এই সুবিধা গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বহুগুণ বাড়বে। যেকোনো স্তরের শিক্ষার্থী তাদের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করে এবং ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে সহজেই এই ফ্রি এন্ট্রি সুবিধা নিতে পারবেন।

তিনি বলেন, আমাদের চিড়িয়াখানার ফটকে একটা ওজন পরিমাপক যন্ত্র আছে। শিক্ষার্থীরা প্লাস্টিক, পলিথিন জমা দিলে তা পরিমাপ করে রেখে দেওয়া হবে। পরবর্তীতে তা রিসাইকেলের জন্য পাঠানো হবে।