মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ এলাকায় সাচিং প্রু জেরী, পেলেন গণসংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নম্বর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফর করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সড়কপথে হলুদিয়া এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান। পরবর্তীতে তিনি শহরের প্রধান সড়ক হয়ে বাজার, মধ্যম পাড়া, উজানী পাড়া ও রাজার মাঠ এলাকা ঘুরে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

মন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো বান্দরবান এসে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পার্বত্যাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে সকলকে নিয়ে কাজ করে যাব। পাহাড়ের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা-উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।