ঋণ পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা  

রাজধানীর কামরাঙ্গীরচরে ঋণ পরিশোধ করতে না পেরে রুহুল আমিন শেখ (২৬) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর আলীনগর বর্ণ বিদ্যালের সামনের একটি বাসা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ মাহমুদ নাহিদ জানান, রুহুল আমিনের বাড়ি শরিয়তপুরের জাজিরা থানার মাধাকান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ শেখ। পরিবারের সাথে কামরাঙ্গীরচর আলীনগরের বাসায় ভাড়া থাকতেন রুহুল আমিন। কাপড়ের ব্যবসা করতেন তিনি। মঙ্গলবার সকাল থেকে বেলা ৩টার মধ্যে কোন এক সময় বাসায় ফ্যানের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। 

এসআই আরও জানান, রুহুল আমিন কাপড়ের ব্যবসার জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এছাড়া অন্যান্য ব্যবসায়ীরাও তার কাছে টাকা পাবে। ব্যবসায় লস হওয়ায় ব্যাংকের কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকে। এসব কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে পরিবার দাবি করেছে।