কিশোরগঞ্জে নবনিযুক্ত সিভিল সার্জনের সাথে সাংবাদিকের মতবিনিময়

কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধ, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন হাসপাতালে শূন্য পদে চিকিৎসক নিয়োগ এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মো.সাইদুর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে সিভিল সার্জন বলেন, সরকারি স্বাস্থ্যসেবা দিতে গিয়ে কোথাও কোনো অনিয়ম হলে তা তাকে জানাতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী সারাদেশের বিভিন্ন হাসপাতাল নিয়মিত পরিদর্শন করছেন এবং কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন।

মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয় সিভিল সার্জনের কাছে তুলে ধরেন। এসব অভিযোগ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

সিভিল সার্জন বলেন, কিশোরগঞ্জ জেলার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে তার কথা হয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাজমুল কবির, সিভিল সার্জন কার্যালয়ের ডা. মিনহাজুল রহমান ও ডা. জান্নাতুল ফেরদৌস।

সভায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ডা. মো. সাইদুর রহমানকে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়।