পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত এবং সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করে সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।