নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া। নতুন এই অংশীদারত্বের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব আরও জোরালো হবে বলে আশা করছে নগদ।

ছয় মাসের চুক্তির আওতায় জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগেও তাকে দেখা যাবে। এর মাধ্যমে ক্রীড়াপ্রেমীদের ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় জামাল ভূঁইয়া বলেন, ‘আমি নগদের সাথে কাজ করেছি, ভালো লেগেছে। আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালোকিছু করছে, এটা অনেক ভালো লাগার একটি বিষয়।’ তিনি আরও বলেন, উদ্ভাবনী উদ্যোগ ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে নগদ দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটির আয়োজন করা ক্যাম্পেইন ও পুরস্কারের উদ্যোগও নগদকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে স্বাগত জানিয়ে প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘জামাল ভূঁইয়াকে নগদ পরিবারের অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সাথে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া না, সামনের দিনে আরও স্টার খেলোয়াড়দের সাথে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সাথে থাকবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচইউএম মেহেদী সাজ্জাদসহ আরও অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি