সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশে মবের যে অপসংস্কৃতি চালু হয়েছিল, সেটা আমরা শক্তভাবে মোকাবিলা করব। এজন্য আলাদা কোনো আইনের প্রয়োজন নেই। প্রচলিত আইনের মধ্যেই তা আছে। সুতরাং মব করে কেউ রক্ষা পাবে না।’ গতকাল মঙ্গলবার সিলেট নগরের আখালিয়ায় সিলেট বিজিবির সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খুব আধুনিক আইন নিয়ে এসেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এই আইনের মধ্য দিয়ে খুব শক্তিশালী একটি অধিদপ্তর করা হয়েছে, আইনটাও খুব শক্তিশালী করা হয়েছে। সাইবার স্পেসে মাদক কেনাবেচাসহ অন্য সবকিছু আমরা যাতে ধরতে পারি এবং উদ্ধার করতে পারি, মামলা দায়ের করতে পারি, সে ব্যবস্থা করা হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তের দুর্গম এলাকায় জনবল দিয়ে নজরদারি করা কঠিন।

এসব এলাকায় থার্মাল ও নাইট-মিশন সক্ষম ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্রপাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হবে।’

‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিজিবির এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ একটি অনন্য ঘটনা। মেধা, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রম বাড়ানো হচ্ছে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।

বিএনপির লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা

বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তার ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল জনগণের ভাগ্যোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের কর্মসূচি। ভবিষ্যতে কোনো সামরিক স্বৈরাচার, স্বৈরাচারি শক্তি বা ফ্যাসিবাদের উত্থান যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপির লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এমএ মালিক, কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় বিএনপি নেতা হাদিয়া চৌধুরী মুন্নি প্রমুখ।