রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে কুসুমবাগ, দক্ষিণবাগ, বাসাবো এলাকায় অবস্থিত এই কারখানায় মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করতে দেখা যায়।
প্রতিষ্ঠানের নাম ভেনিস হলেও ‘ড্যানিশ’ ও ‘(সেভেন আপ)’ নামে লেবেলযুক্ত আইসক্রিম উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া কারখানায় মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার এবং আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস রাখা ছিল।
এ সময় প্রতিষ্ঠানটি হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শনেও ব্যর্থ হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানের দায় স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।