ঢাকায় হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এরপরেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এই সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। 

এছাড়া বিগত ২৪ ঘণ্টায় এলাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৫ মিনিটে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।