কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক রাতে ১২ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের আটক করা হয়। তারা হলেন- বাখরনগর গ্ৰামের মনির মিয়ার ছেলে এমরান (২৩), কোম্পানীগঞ্জ নগরপাড় এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. সবুজ (২৮), ধামঘর গ্ৰামের জজ মিয়ার ছেলে শাকিল (২০), ধনীরামপুর গ্ৰামের মিলন বর্মনের ছেলে রোদ্র বর্মন (১৮), কিছমত রহিমপুর গ্ৰামের চন্দন রবি দাশের ছেলে রনক রবি দাশ (১৮), দৌলতপুর গ্ৰামের কবিরের ছেলে মো. হৃদয় (১৮), দেবিদ্বার থানার রসুলপুর গ্রামের সুলতানের ছেলে মো. দেলোয়ার (১৮), উপজেলা সদরের জালোপাড়ার অপু চন্দ্র বর্মনের ছেলে দুর্জয় চন্দ্র বর্মন (১৮), উপজেলা সদরের রামধনীমোড়ার মো. জামালের ছেলে মো. কামাল (২২), রহিমপুর গ্ৰামের তরু মিয়ার ছেলে মো. সেলিম (২৩), উপজেলা সদরের উত্তর পাড়ার খোরশেদ আলমের ছেলে মো. হাকিম (২৮) ও রহিমপুর গ্ৰামের ধনু মিয়ার ছেলে মো. কামরুল (৩০)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খাঁন তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ওসি বলেন, মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছেন তিনি।