ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় সিরিকে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। ইরানের প্রেস টিভিও পাঁচজন নিহত হওয়ার খবর জানায়।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় ৬৩ জন আহত হন। তাদের মধ্যে ৫০ জন নারী ও শিশু। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। শিশুটির ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ধ্বংসাবশেষের আঘাতে অনেকে আহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগকেন্দ্রে নতুন করে হামলা চালিয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের হামলার চেষ্টার জবাবে এসব অভিযান চালানো হয়েছে।