ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনীর হামলায় জাহাজ দুটিকে লক্ষ্যবস্তু করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, চলমান যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জাহাজে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে, ইরানের তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি।

এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এই নীতির আওতায় ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হবে।

মঙ্গলবার রাতে হামলার শিকার দুটি ট্যাংকার ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। মার্কিন বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। এতে ট্যাংকারগুলোর ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, গত কয়েক দিনে ইরানের পক্ষ থেকে ট্যাংকার ও মার্কিন সেনাদের ওপর চালানো হামলার জবাব হিসেবেই ইরানের ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে ইরান যাতে তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সে লক্ষ্যেও যুক্তরাষ্ট্র বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। ইরানের ট্যাংকারে হামলাকে সেই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এক মার্কিন কর্মকর্তার দাবি, মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি হামলা চালানো হয়েছে।