অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে ২ মালিককে জরিমানা 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবু ডাংগা কালিগঙ্গা নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই ডেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিয়নপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় কালিগঙ্গা নদী থেকে সংঘবদ্ধ ড্রেজার  সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

অভিযানকালে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক মামলায় শরিফুল ইসলাম ও আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, কালিগঙ্গা নদীর নাব্য রক্ষা, তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীভাঙন থেকে বাঁচাতে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু  লোক নিয়ম ভেঙে পরিবেশ ও জনপদের ক্ষতি করে বালু তুলছিল। তাদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষ ও নদীর সুরক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান এবং নদী রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।