গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যু মামলায় আশফাকুল হক ও তার স্ত্রীর বিচার শুরু

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিচার শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

অভিযোগ গঠনের শুনানির সময় আশফাকুল হক ও তানিয়া খন্দকার আদালতে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামিদের কাছে তারা দোষী না নির্দোষ জানতে চান। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ভেতরে প্রীতি উরাংদের বাড়ি। ঘটনার আগে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল সে।

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই বাসার বসার ঘরের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় প্রীতি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা করেন। পরে পুলিশ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা ২০২৪ সালের ৩১ মার্চ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ২০২৪ সালের ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

আশফাকুল হক ও তানিয়া খন্দকার প্রায় চার মাস কারাগারে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের জুনে তারা কারামুক্ত হন। একই বছরের ২ এপ্রিল কারাগারে থাকা অবস্থায় আশফাকুল হককে অব্যাহতি দেওয়ার কথা জানায় ডেইলি স্টার কর্তৃপক্ষ।