মেধাবীদের পাশে থাকবে রাষ্ট্র: মাহদী আমিন

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ভালো ফল বা সার্টিফিকেট অর্জনই জীবনের সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, সমাজসেবা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্কাউট ও রোভার স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি এসএসসি ও এইচএসসিতেও ভালো ফল করছে। তাঁদের এই সাফল্যকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহ ও পৃষ্ঠপোষকতার আওতায় আনার গুরুত্ব রয়েছে।

শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এসএসসির পর কলেজ এবং পরবর্তী সময়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মেধা ও দক্ষতা আরও বিকশিত করতে হবে।

ক্যারিয়ার নির্বাচনে নিজের আগ্রহ ও মেধাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সফলতার জন্য শুধু ডাক্তার বা প্রকৌশলী হওয়ার প্রয়োজন নেই। মানবিক ও সামাজিক বিজ্ঞান, সৃজনশীল কাজ, খেলাধুলা, বিতর্ক কিংবা বিজ্ঞানচর্চা-যে ক্ষেত্রে যার আগ্রহ ও দক্ষতা রয়েছে, সেই ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বর্তমান সাফল্য শেষ নয়, বরং বড় লক্ষ্য অর্জনের প্রথম ধাপ। সততা, পরিশ্রম, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমকে জীবনের ভিত্তি করে নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, তাঁদের হাত ধরে সমৃদ্ধ, মানবিক, দক্ষ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে।