দলীয় কমিটি গঠনে 'কমিটি বাণিজ্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় পাইলট স্কুল মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খাঁন শহীদ এর সভাপতিত্বে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি।
এসময় তিনি আরও বলেন, বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যারা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না। একই সঙ্গে কমিটি গঠনে অর্থের লেনদেন বা ‘কমিটি-বাণিজ্য’ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের জন্য যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, কমিটি গঠনে তাদেরই প্রাধান্য দিতে হবে। অন্য দল থেকে কেউ বিএনপিতে যোগ দিতে চাইলে সাধারণ সদস্য হিসেবে নেওয়া যেতে পারে, তবে গুরুত্বপূর্ণ পদে বসানো যাবে না। আগামী নির্বাচন সামনে রেখে দলীয় বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শামসুল হক ভিপি সামসু, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।