উয়েফার বিরুদ্ধে লড়াইয়ে ইলন মাস্কের আইনজীবী নিয়োগ অনুতপ্ত কুশনারের

বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বিক্রি নিয়ে ফিফা ও ইউরোপীয় ফুটবলের শাসকসংস্থা উয়েফার মধ্যকার বিতর্ক নজিরবিহীন রূপ নিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যুক্ত থাকা নিয়ে একদিকে যেমন অনুতাপ প্রকাশ করেছেন মার্কিন বিনিয়োগকারী জোশুয়া কুশনার, অন্যদিকে উয়েফার একের পর এক আইনি পদক্ষেপ সামলাতে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী আইনজীবী অ্যালেক্স স্পিরো-কে।

উয়েফা যুক্তরাষ্ট্রের আদালতে তথ্য প্রকাশের পিটিশন দায়েরের পর কুইন ইমানুয়েল ল ফার্মের পার্টনার অ্যালেক্স স্পিরো জানান যে, তিনি নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টে থ্রাইভ ক্যাপিটাল ও কুশনারের প্রতিনিধিত্ব করছেন। স্পিরো যুক্তরাষ্ট্রের অত্যন্ত আলোচিত ও প্রভাবশালী আইনজীবী, যাঁর ঝুলিতে রয়েছে ধনকুবের ইলন মাস্কের মানহানি মামলা ও টেসলাসংক্রান্ত একাধিক আইনি লড়াই লড়েছেন।
 
জুলাইয়ে ফাঁস হয় যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো "ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ" নামে এক বাণিজ্যিক সত্তা তৈরি করে বিশ্বকাপের ২০ শতাংশ স্বত্ব ৪.২ বিলিয়ন ডলারে বিক্রি করতে গোপনে থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন। ইউরোপের ৫৫টি দেশের প্রতিনিধিত্বকারী উয়েফা তীব্র বিরোধিতা শুরু করে এবং ইনফান্তিনোকে অপসারণের দাবি তোলে। মার্কিন ৩টি আদালতে সমন জারির পিটিশন দেওয়ার পাশাপাশি সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে "অপরাধমূলক অব্যবস্থাপনা"-র অভিযোগ এনে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এতে জেপি মরগান ও সংশ্লিষ্টদের ওপরও চাপ বাড়ানো হয়েছে।
 
পরিস্থিতি জটিল হওয়ার পর কুশনার এক বিবৃতিতে জানান অনুতাপ প্রকাশ করে বলেন, "ঐতিহাসিকভাবে ফুটবলের অর্থ বা পুঁজিবাজার গুটিকয়েক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এফএফই প্রকল্পের মূল লক্ষ্য ছিল ফিফার ২১১টি সদস্য রাষ্ট্রের মধ্যে এই মূলধন সমানভাবে ছড়িয়ে দেওয়া, যাতে অনুন্নত দেশগুলো স্থানীয় মেধা বিকাশ ও ফুটবলের উন্নয়ন নিশ্চিত করতে পারে।
 

এটি এমন এক প্রস্তাব ছিল যা প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনের ভোটের মাধ্যমে নির্ধারিত হতো, এটি কোনো বাধ্যবাধকতা ছিল না। আমরা মূল উদ্দেশ্যের পাশে দাঁড়ালেও বিশ্ব ফুটবলের জটিল রাজনৈতিক সমীকরণ এবং এর পরিণতির গভীরতা বুঝতে ভুল করেছিলাম। যদি জানতাম পরিস্থিতি এমন পর্যায়ে যাবে, তবে আমরা এতে কখনোই জড়াতাম না।"

বিশ্বকাপের এই স্বত্ব চুক্তি ভেস্তে গেলেও জোশুয়া কুশনারের খেলাধুলায় বিনিয়োগ থেমে নেই। সম্প্রতি তিনি রেকর্ড ১২.৫ বিলিয়ন ডলার মূল্যে এনবিএ-র বিখ্যাত দল লস অ্যাঞ্জেলেস লেকার্স অধিগ্রহণের চুক্তি সম্পাদন করেছেন।