কুষ্টিয়ার কুমারখালীতে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তাহাজুদ্দিন মন্ডল নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে কুষ্টিয়া জেলা ও দায়রা জজের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এএইচ এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তাহাজুদ্দিন মন্ডল (৬৬) উপজেলার মিরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৪ অক্টোবর রাত্র ৮টার দিকে ওই শিশু ছাত্রী ঘরের বাইরে টয়লেটে গেলে সেখান থেকে বৃদ্ধ তাহাজুদ্দিন শিশুটিকে মুখ চেপে ধরে টেনে হিচরে পাশের বাঁশ বাগানের ঝোপের ভেতর নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মুখ থেকে হাত সরে গেলে সে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে বৃদ্ধ তাহাজুদ্দিন শিশুটিকে ফেলে পালিয়ে যান। এসময় আহত অবস্থায় প্রতিবেশিদের সহযোগিতায় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পরদিন ২৫ অক্টোবর ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণের অভিযোগ এনে তাহাজুদ্দিন মন্ডলকে একমাত্র এজাহার নামীয় আসামি করে মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে কুমারখালী থানার উপসহকারী পুলিশ পরিদর্শক চৌড়ঙ্গী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাদ আলী ২০২০ সালের ৩০ নভেম্বর অভিযোগ এনে বৃদ্ধ তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।
রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ রায়ের বিষয়ে নিশ্চিত করেছেন।