চীন থেকে পণ্য সংগ্রহ সহজ করতে যাত্রা শুরু ইজিবাই ডটকমের

চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে যাত্রা শুরু করেছে ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম ইজিবাই ডটকম ডটবিডি (easybuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগান নিয়ে গত ২৮ আগস্ট ঢাকার এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

ইজিবাই ডটকম ডটবিডির মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা ব্যবসার প্রয়োজন অনুযায়ী চীন থেকে বিভিন্ন পণ্য খুঁজে পাইকারি দামে সংগ্রহের সুযোগ পাবেন। বিশেষ করে নতুন উদ্যোক্তা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ই-কমার্স ব্যবসায়ীদের জন্য পণ্য নির্বাচন, সরবরাহকারী খোঁজা এবং চীন থেকে পণ্য সংগ্রহের জটিলতা কমাতে কাজ করবে প্ল্যাটফর্মটি।

ইজিবাইয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার খন্দকার বলেন, চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরি করা এবং তাদের ব্যবসাকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

সহ-প্রতিষ্ঠাতা মহসিন আলী বলেন, ইজিবাইয়ের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা সহজে মানসম্মত পণ্য সংগ্রহ করে ব্যবসা শুরু ও সম্প্রসারণ করতে পারবেন।

ইজিবাই ডটকম ডটবিডি গ্যালাক্সি কার্গো ইন্টারন্যাশনালের সহযোগী প্রতিষ্ঠান। ২০১৬ সাল থেকে চীন-বাংলাদেশ বাণিজ্য ও লজিস্টিকস খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ওই অভিজ্ঞতা ও চীনভিত্তিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে ইজিবাই চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, চীনে তাদের নিজস্ব গুদাম ও কার্যালয় রয়েছে। স্থানীয় কর্মী ও নির্দিষ্ট একটি দল সেখানে পণ্য সোর্সিং ও কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের চীন থেকে পণ্য সংগ্রহে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ইজিবাইয়ের লক্ষ্য বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ই-কমার্স ব্যবসায়ীদের চীন থেকে পণ্য সংগ্রহের সুযোগের সঙ্গে যুক্ত করা।