চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনায় চার পুলিশ প্রত্যাহার

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশের কর্তব্যরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) তাদের প্রত্যাহার করে পাকশী জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন। তিনি বলেন, ঘটনার দিন ওই চার পুলিশ সদস্য ট্রেনে দায়িত্বে ছিলেন। এ কারণে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দোষীদের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, দায়িত্বে অবহেলা এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই মূলত তাদের প্রত্যাহার করে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন—এটিএসআই খোকন ইসলাম (৩৫), পুলিশ সদস্য ফজলে রাব্বি (৩৪), গোলাম মোস্তফা (৩৬) ও আশিকুল রহমান (৩০)।

এদিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা দুই পুলিশ সদস্য তার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে গেছেন এবং পুলিশের উপস্থিতিতে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক তাকে ধর্ষণ করেছেন।

তবে আদালতে দেওয়া জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন আবু বক্কর সিদ্দিক। 

ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ডের পর আদালত আবু বক্কর সিদ্দিককে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছেন। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর ওই নারীকে তার ছেলের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।