বার্জার ও এনডিই স্টিল স্ট্রাকচার্সের মধ্যে দুই চুক্তি স্বাক্ষর

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও এনডিই স্টিল স্ট্রাকচার্স লিমিটেডের মধ্যে সম্প্রতি দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি চুক্তির আওতায় মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে (এনএসইজেড) বার্জার পেইন্টস-এর নির্মাণাধীন তৃতীয় উৎপাদন কারখানার গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে স্টিল স্ট্রাকচার সরবরাহ ও নির্মাণের দায়িত্ব পালন করবে এনডিই স্টিল স্ট্রাকচার্স লিমিটেড। নতুন এই প্রকল্পের মাধ্যমে বার্জারের ভবিষ্যৎ ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি উৎপাদন ও সরবরাহ সক্ষমতা আরও শক্তিশালী হবে।

নতুন কারখানাটি চালু হলে দেশে পেইন্টস ও কোটিংস-এর ক্রমবর্ধমান চাহিদা পূরণে বার্জারের উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একইসঙ্গে, এই প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্থানীয় জনশক্তির দক্ষতার উন্নয়ন এবং মিরসরাই অঞ্চলের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কৌশলগত অবস্থান ও বিশ্বমানের অবকাঠামোর কারণে মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন ইতোমধ্যেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে বিবেচিত হতে শুরু করেছে। এই শিল্পাঞ্চলে বার্জারের নতুন বিনিয়োগ দেশের উৎপাদন ও শিল্পখাতের উন্নয়নে আরও ভূমিকা রাখবে। 

এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় চুক্তির আওতায় এনডিই স্টিল স্ট্রাকচার্স লিমিটেড তাদের নির্মাণাধীন প্রকল্পগুলোতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এক্সক্লুসিভ পণ্য ও সমাধান ব্যবহার করবে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার হবে এবং শিল্পখাতে মানসম্মত পণ্য ও সমাধানের ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (CEO & MD) মহসিন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার (CBO) আবুল কাসেম মোহাম্মদ সাদেক নেওয়াজ, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ, চিফ সাপ্লাই চেইন অফিসার রাকিবুল আলম, হেড অব ক্যাপেক্স অ্যান্ড এসঅ্যান্ডআইএম প্রোকিউরমেন্ট মাহফুজুল হক। এছাড়াও বার্জারের ইন্ডাস্ট্রিয়াল সেলস টিম এবং থার্ড ফ্যাক্টরি প্রজেক্ট টিমের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এনডিই স্টিল স্ট্রাকচারস লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (MD) ইমরান মুস্তাফিজ, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ড. মো. শামসুজ্জামান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং (DGM) মো. আমিনুল ইসলাম।

চুক্তি প্রসঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “মিরসরাইয়ে আমাদের নতুন কারখানার এই গুরুত্বপূর্ণ প্রকল্পে এনডিই স্টিল স্ট্রাকচার্স লিমিটেডের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই বিনিয়োগ বাংলাদেশে উদ্ভাবন, উৎপাদনের উৎকর্ষতা এবং টেকসই উন্নয়নের প্রতি বার্জারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমাদের দৃঢ় বিশ্বাস, এনডিই-র অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সফলভাবে সম্পন্ন হবে।” 

এনডিই স্টিল স্ট্রাকচার্স লিমিটেডের একজন প্রতিনিধি বলেন, “বার্জার পেইন্টস বাংলাদেশের মিরসরাই কারখানার ওয়াটার বেইজ প্রোডাকশন বিল্ডিং, সাইলো ও এফজি ওয়্যারহাউস-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প নির্মাণের দায়িত্ব পেয়ে আমরা গর্বিত। ইন্ডাস্ট্রিয়াল ও স্টিল স্ট্রাকচার নির্মাণে আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুণগত মান এবং নির্ধারিত সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদভাবে প্রকল্পটি সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এই অংশীদারিত্বের মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং এনডিই স্টিল স্ট্রাকচার্স লিমিটেড বাংলাদেশের উৎপাদন অবকাঠামো শক্তিশালী করা, শিল্পখাতের উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।