প্রশাসনে বড় ধরণের রদবদল, জনপ্রশাসন পেল নতুন সচিব

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব মো. এহসানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. কামরুজ্জামান চৌধুরী স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব ছেড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনিও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াসমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. কামরুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে বদলি করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

অবসরে যাচ্ছেন নাসরীন জাহান

পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিব মিজ নাসরীন জাহানকে ৫৯ বছর বয়স পূর্তিতে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী তাঁর অবসর মঞ্জুর করা হয়। আগামী ৫ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তিন প্রকল্পে নতুন পরিচালক

সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পেও নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। যুগ্মসচিব মো. মোস্তাফিজার রহমানকে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও বর্ধিতকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদ থেকে বদলি করে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার (মুন্সিগঞ্জ)’ প্রকল্পের পরিচালক করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) মিজ আছমা আরা বেগমকে একই বিভাগের অধীন ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপানশন অব রিফাইনারি লিমিটেড’ প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব ডা. মো. নুরুল হককে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’-এর প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবারের এসব প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পর্যায় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও উন্নয়ন প্রকল্পে একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হলো।