বৃষ্টি উপেক্ষা করে পথে পথে মানুষের ভিড় আর নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় ভোলায় সংবর্ধিত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় এসে তিনি নতুনবাজার চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় ভোলার উন্নয়নে বিরোধী দলসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাটে পৌঁছান আন্দালিভ রহমান পার্থ। সেখানে জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনসহ বিএনপি, বিজেপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রীকে বরণ করতে খেয়াঘাট এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেয়াঘাট থেকে নতুনবাজারের দিকে যাওয়ার পথে শহরের বিভিন্ন সড়কে বৃষ্টি উপেক্ষা করে মন্ত্রীকে স্বাগত জানাতে মানুষের ভিড় দেখা যায়। পরে নতুনবাজার চত্বরে জেলা বিজেপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নেন পার্থ। সেখানে গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে হবে।
ভোলার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “আমরা ভোলাতে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করব।” উন্নয়নমূলক কাজ করার সময় বিরোধী দলসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি। কাউকে বাদ না দিয়ে সম্মিলিতভাবে ভোলার উন্নয়নে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান পার্থ।
তিনি আরও বলেন, তাঁর পরিবারের কেউ টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে তাঁর বাবা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী হিসেবে পার্থের প্রথম ভোলা সফর ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। দীর্ঘ আট বছর পর ভোলা থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলার মানুষের মধ্যেও উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও নাগরিক সুবিধা বাড়াতে তাঁর মন্ত্রিত্বে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। সার্কিট হাউসে নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হলে তিনি পরে নিজ বাসভবনে চলে যান। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।