জাপানের আইচি-নাগোয়ায় বসতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমসের আসর। এবার ক্রিকেট ইভেন্টে শক্তিশালী দল নিয়েই লড়াই করবে বাংলাদেশ। এশিয়ান গেমসের টি-টোয়েন্টি ইভেন্টের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, তার সহকারী তাওহীদ হৃদয়।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দল থেকে বেশ কয়েকজন এবারও জায়গা ধরে রেখেছেন। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে না থাকা লিটন নিজেই ফিরেছেন। সঙ্গে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরলেন এই বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার। ফেরার তালিকায় আছেন হাসান মাহমুদও। তবে এই দলে জায়গা হয়নি তাসকিন আহমেদ, নাহিদ রানা, নুরুল হাসান সোহান ও আবদুল গাফফার সাকলাইনের।
এশিয়ান গেমসের ক্রিকেটে এবার অংশ নেবে মোট ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্বে খেলবে। অন্য ছয় দল আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান লড়বে প্রথম রাউন্ডে। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের ম্যাচগুলো হবে। সেখান থেকে চারটি দল জায়গা করে নেবে নকআউট পর্বে।
টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। সেখানে লিটনদের প্রতিপক্ষ হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর। কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সেমিফাইনালে খেলবেন লিটনরা। ৩ অক্টোবর হবে পদকের লড়াই।
বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানও শক্তিশালী দল নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে। আফগানিস্তান অবশ্য তাদের মূল দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। ফলে পদকের লড়াইয়ে ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষার দিতে হবে লিটনদের।
১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।