ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায়  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আ.রাজ্জাক, পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) ও ৫০ বছরের আরেকজন পুরুষ,তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় জানায়, শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলালপুর এলাকা পৌঁলে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আ. রাজ্জাক নিহত হন। দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন।  আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ছয়জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

এবিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।