পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছানুযায়ী দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কমিটিতেও তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আইন অনুষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৮ আগস্ট পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে তাকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার পদত্যাগের পর শূন্য হওয়া চেয়ারম্যান পদে এবার অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।