রাজধানীর জিগাতলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে হেরিটেজ ইন্টারকন্টিনেন্টাল নামের একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৫৩, সাত মসজিদ রোড, জিগাতলার হেরিটেজ ইন্টারকন্টিনেন্টালে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে রেস্তোরাঁটির রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যপণ্য, যেমন—সয়া সস, চিকেন পাউডার ও কাশ্মীরি মরিচ সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া রেস্তোরাঁ কর্তৃপক্ষ হালনাগাদ ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্তোরাঁটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।