মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্ত:জেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে তারা বাস চলাচল বন্ধ করে দেন।
রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, 'নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না।'
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, 'সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।'